জহির জদ্দিন
আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে
বাংলায় বিভিন্ন ভবিষ্যতকে চেয়ে চেয়ে দেখবো।
– নির্মলেন্দু গুণ, ‘হুলিয়া’ (প্রেমাংশুর রক্ত চাই, ১৯৭০)
আমি কিংবদন্তির কথা বলছি/ আমি আমার পূর্বপুরুষের কথা বলছি’। আমি উনসত্তরের গণঅভ্যুত্থানের কথা বলছি। ‘আমি জলোচ্ছ্বাসের মত/ অভ্যুত্থানের কথা বলছি’। এই বক্তৃতার দেবার জন্য যতটা আবেগ আছে, ততটা এক্সপার্টিজ হয়ত আমার নেই। তবুও যখন দেখি নিরবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পঞ্চাশ বছর চলে যাচ্ছে, তখন আবেগ প্রকাশের জন্য অপ্রস্তুত অবস্থায় সাহস করে উঠে দাঁড়াই।
আমরা আজ কবিতা শুনব। আমরা আজ কবিতা পাঠ করব! ‘শৃংখলিত বৃক্ষের উর্দ্ধমুখী অহংকার কবিতা/আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা।’ সাহিত্যের ধারার মধ্যে কবিতার উৎপত্তি যেমন আগে ঘটেছে, অতীতকালের বয়ান নির্মাণে আদিকালে পুরাণ কিংবা কিংবদন্তি ভূমিকা রেখেছে। আজ আমরা বিজ্ঞানসম্মত ইতিহাস লিখতে চাই! কিন্তু ইতিহাস কি বিজ্ঞান নাকি কিংবদন্তি নাকি কবিতা? নাকি গল্প? ইউরোপিয় বেশ কয়েকটি ভাষায় যেমন ফরাসি, স্প্যানিশ, জার্মান ভাষায় ইতিহাস আর গল্পের জন্য একই শব্দ ব্যবহার করা হয়- Histoire/Historia/Geschichte। ইতিহাসের গল্পটি কার? বিজয়ীর? তাই তো দেখা যায়! ‘কৈবর্ত গাঁথা’ নাটকে দেখা যায় নিম্নবর্গের কৈবর্ত রাজাকে পরাজিত করে প্রতিষ্ঠিত পালবংশীয় নৃশংস নৃপতি ক্ষমতা দখল করেছে। আর তার স্তুতি বর্ণনা করে লিখছেন রাজকবি (রাজ-বুদ্ধিজীবী/রাজ-ইতিহাসবিদ) সুধাকর নন্দী। নারীবাদীরা বলেন, history তো his story, পুরুষের আধিপত্যের গল্প! তারা her story লিখতে চান!
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পঞ্চাশ বছর এত নিরবে গেলো কেনো? এর সাথে কি গণঅভ্যুত্থানের ইতিহাস বয়ানের কোন সম্পর্ক আছে? সৈয়দ আবুল মকসুদ মনে করেন, উনসত্তরের গণঅভ্যুত্থানের ‘উদগাতা’ হলেন মওলানা ভাসানী। হায়দার আকবর খান রনোও এরকমটাই মনে করেন। আবার রুশ-ভারতপন্থীদের বয়ানে ভাসানী বিতর্কিত হয়েছেন। যেমন-মোহাম্মদ ফরহাদ উনসত্তরের গণঅভ্যুত্থানে মওলানা ভাসানীর প্রভাবকে ‘বিভ্রান্তকর’ মোহ সৃষ্টিকারী বলে অভিহিত করেছেন। পাঠ্যপুস্তকে সংযোজিত উনসত্তরের গণঅভ্যুত্থানের সরকারি ভাষ্যে মওলানা ভাসানীর নাম ওম হয়ে গেছে। যেমন তাকে গুম করা হয়েছে অন্যান্য পাঠ্যপুস্তক থেকেও। অবশ্য মহিউদ্দিন আহমদ লিখছেন, “এক সাংবাদিকের মাধ্যমে মুজিব ভাসানীকে আন্দোলন তৈরি করার অনুরোধ জানান। ভাসানী রাজনীতিতে ভিন্নমত পোষণ করলেও শেখ মুজিবের প্রতি তাঁর দুর্বলতা ছিল। তাঁদের সম্পর্ক ছিল অনেকটা গুরু-শিষ্য কিংবা পিতা-পুত্রের মতো। খবর পেয়েই ভাসানী বলে ওঠেন- শেখ মুজিব বলেছে, আমাকে যেতে হবে। সরকার এদের সবাইকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করেছে।”
যদি সত্যই মওলানা ভাসানীর ভূমিকা থাকে, তা কতটুকু? রনো সাহেবের মতে ভাসানীর ভূমিকা ছিল সবচে গুরুত্বপূর্ণ। তিনি লিখছেন, “১৯৬৮-এর ৬ ডিসেম্বর মওলানা ভাসানী যেন একটা দেশলাইয়ের কাঠি দিয়ে সামান্য আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। তা যে এত দ্রুত বিশাল দাবানলে পরিণত হবে, তা তখনও আমি ভাবতে পারিনি। সম্ভবত মওলানা ভাসানী নিজেও ভাবেননি। মনে আছে ১৯৬৯-এর ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে মওলানা ভাসানী গল্পচ্ছলে বলেছিলেন, “আমি একটু গুড় লাগিয়ে দিয়েছি, এখন যা হবার তাই হতে থাকবে।”
রনো সাহব তার আরেক রাজনৈতিক গুরু মাও সেতুং-এর একটি লেখার শিরোনাম দিয়ে প্রভাবিত হতে পারেন! মাও লিখেছিলেন, “A Single Spark Can Start a Prairie Fire”, ওই লেখাতে মাও একটি আন্দোলনের দুইটি দিকের কথা উল্লেখ করেছেন- ১. অবজেক্টিভ কন্ডিশন আর ২. সাবজেক্টিভ কন্ডিশন।
প্রথমটি হল আর্থ সামাজিক অবস্থা, দ্বিতীয়টি হল দল ও নেতৃত্বের অবস্থা। দুটির ভূমিকাই গুরুত্বপূর্ণ একে অপরের পরিপূরক।
ইতর বস্তুবাদীরা মার্ক্সের A Contribution to the Critique of Political Economy র দোহাই দিয়ে আর্থ-সামাজিক অবস্থাই ব্যক্তির চেতনায় প্রতিফলিত হয়- এই মত প্রচার করেন। এর ফলে ব্যক্তি বা দলের আর কিছুই করার থাকে না- গ্রেফ উপযুক্ত চেতনা-বিকাশের অপেক্ষা ছাড়া। তারা নিয়তিবাদী হয়ে পড়েন। যেমনটা একসময় দেব দেবিরা মানবসমাজের ঘটনাপ্রভাবে ভূমিকা রাখতেন! যেমনটা আছে আদিকালের ইতিহাস অর্থাৎ পুরাণে!
আলা বাদিয়্যু একসময় নিজেকে মাওবাদী হিসেবে চিহ্নিত করতেন। এখন আর করেন না! তিনি দর্শনের চারটি শর্তের কথা বলেছেন- ১) বিজ্ঞান/গণিত, ২) শিল্প, ৩) রাজনীতি, ৪) প্রেম। দর্শন বলে প্রকৃত প্রস্তাবে কিছু নেই! চারটি শর্ত যেসব প্রশ্ন ছুঁড়ে দেয় কিংবা তাদের মধ্যকার সাধারণ প্রশ্ন নিয়েই দর্শনের কারবার। লিও স্ট্রস রাজনীতি তথা রাজনৈতিক দর্শনকে মূল দর্শনের অংশ বলে মনে করেন! আর রাজনীতি হল স্থিতিবস্থা বজায় রাখা বা পরিবর্তনের জন্য কর্মকাণ্ড পরিচালনা করা। আর আলা বাদিয়্যু বলেন, রাজনীতি হল সমবেত মানুষের কর্মকাণ্ড।
ঊনসত্তরের ইতিহাস বলতে এর রাজনৈতিক ইতিহাসই বোঝায়। এখন প্রশ্ন হলো এই ইতিহাসে আর্থ-সামাজিক অবস্থা রাজনৈতিক দল বা নেতার কার কী ভূমিকা ছিল? বা এই রাজনৈতিক ইতিহাস অর্থাৎ মানুষের সমবেত কর্মকাণ্ড কি নতুন কোন সাংগঠনিক চিন্তার জন্ম দিয়েছে? What is to be done পুস্তিকায় লেনিন vanguardism (দল/নেতৃত্ব)-কে গুরুত্ব দিয়েছেন, spontaneity (স্বতঃস্ফূর্ততা)-কে নয়। বরং একে ক্ষতিকারক মনে করতেন। অন্যদিকে, গ্রামসি আন্দোলন-সংগ্রামে স্বতঃস্ফূর্ততার ভূমিকা স্বীকার করেছেন। এক ইতিহাসবিদ লিখেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সূচনায় মওলানা ভাসানীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তার সিদ্ধান্তহীনতা ও শক্তিশালী সংগঠনের অভাবে আন্দোলনটি শেষমেষ স্বতঃস্ফূর্ততার দিকে যায়! এবার ২৪শে জানুয়ারি গণঅভ্যুত্থান বার্ষিকীতেও সরকারি বিবৃতিতে এই স্বতঃস্ফূর্ততাকে জোর দেওয়া হয়। যেমন বিএনপি ৭ই নভেম্বরের ঘটনাবলিতে দিয়ে থাকে। অন্যদিকে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সংগঠনকে গুরুত্ব দেওয়া হয়। এর কারণ কী? সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি কিছু প্রশ্ন উত্থাপন করছি, ইতিহাসবিদরা এর উত্তর দেবেন।
ছাত্রদের আন্দোলন সবচেয়ে সুসংগঠিত ছিল। অন্যদিকে, কৃষক-শ্রমিকদের মাঝে বামপন্থি দলগুলোর ভূমিকা থাকলেও, তা অতটা সুসংগঠিত ছিল না। অবশ্য আমরা ছাত্র মতিয়ূরের কথা যতটা বলি, শ্রমিক রুস্তমের কথা ততটা বলি না! অধিকাংশ ইতিহাসের বইয়ে ছাত্রদের আন্দোলনকে সবচে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ সবচে মারা গেছে শ্রমিকরা। আসাদকে নিয়ে কবিতা লেখা হয়, কিন্তু আসাদ যাদের রাজনীতি করতেন সেই শ্রমিক কৃষক আজ অসংগঠিত, তাদের ইতিহাসও তাই অজানা!
আর্থ-সামাজিক অবস্থার দিক থেকে ছাত্ররা মধ্যবিত্ত, নিম্নবিত্তের করুণ কেরানি কিংবা শ্রমিক-কৃষকের সন্তান। যারা আইয়ুবের তথাকথিত ‘উন্নয়নের দশকে’ পুঁজিপতি হয়ে উঠেছিল, তারা আইয়ুবকে ঘাঁটাতে চায়নি। এমনকি তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষেও ছিল না। স্বাধীনতার পর তাদের স্বার্থই সব শাসকের কাছে গুরুত্ব পেয়েছে। এজন্যই হয়ত গণতন্ত্রের এই বিবর্ণ দশা! এরশাদকে গণ-আন্দোলনের মুখে উৎখাত করলেও বদ-জিনের মত আমাদের ঘাড়ে আজও সে আছর করে আছে! আইয়ুব গেট আসাদগেট হলেও আইয়ুব তো যায়নি! কেন যায়নি? কেউ যদি আমাকে এই প্রশ্ন করেন, তবে আমি কি ‘হুলিয়া’র যে অংশ দিয়ে শুরু করেছিলাম, ঠিক তার পরের অংশ দিয়ে শেষ করব?
“উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার, আমি চিৎকার করে
কন্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো:
আমি এ-সবের কিছুই জানি না,
আমি এ সবের কিছুই বুঝি না।”
কিন্তু না-জেনে, না-বুঝে কি মুক্তি মিলবে?