শহীদুল্লাহ ফরায়জী
১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। ঘোষণাপত্রের মাধ্যমেই মুজিবনগর সরকার ও বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের আত্মত্মপ্রকাশ ঘটে। ঘোষণাপত্র নতুন রাষ্ট্রের পত্তন করে, ঘোষণাপত্র বাংলাদেশকে প্রজাতন্ত্র’রূপে প্রতিষ্ঠা করে; ঘোষণাপত্র জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার অংগীকার ঘোষণা করে; অর্থাৎ ঘোষণাপত্র জাতি-রাষ্ট্রের অভ্যুদয়ের সকল আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিয়েছে, আইনগত ও নৈতিক বৈধতা দিয়েছে। ঘোষণাপত্রটি (Proclamation of Independence) স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র গঠন প্রক্রিয়ার চূড়ান্ত রাজনৈতিক দলিল। ঘোষণাপত্র জাতির শ্রেষ্টতম রাজনৈতিক প্রাপ্তি আর ১০ এপ্রিল জাতির মহৎ দিন।
বিশ্বের বহু মুক্তিকামী দেশে স্বাধীনতার জন্য Declaration of Independence বা Proclamation of Independence জারি করার দিনটিকে ‘স্বাধীনতা দিবস’ বা ‘প্রজাতন্ত্র দিবস’ বা ‘জাতীয় দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। ভারত এবং পাকিস্তান সহ অনেক রাষ্ট্রে স্বাধীনতা দিবসের বাইরেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রসমূহের মাঝে দুর্ভাগ্যজনক দেশ হচ্ছে বাংলাদেশ। আজ পর্যন্ত ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ বা ‘জাতীয় দিবস’ বা ‘বাংলাদেশ দিবস’ কোনটিই স্বীকৃতি দেয়া হয়নি। এমনকি রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করাও হয় না। এদিনের তাৎপর্য, গুরুত্ব ও মর্যাদা বিষয়ে ইতিহাসে বা পাঠ্যপুস্তকে কোনকিছুই বিশদভাবে লিপিবদ্ধ করা হয়নি, এ দিনে সরকারী ছুটিও ঘোষণা করা হয়নি। কোন ক্রোড়পত্র প্রকাশ করা হয়না। খনিগর্ভে চাপা পরা শ্রমিকের মত জীবন্ত সমাধি লাভ করেছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র।
ঘোষণাপত্রের ভিত্তিতেই সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালিত হবে-এটাই ছিলো রাষ্ট্রের দায়। স্বাধীনতা লাভের পর থেকে গত ৪৮ বছর এ দায় বহণ না করে মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্রকে আলাদা করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র আলাদা নয় অভিন্ন। এই ঘোষণাপত্রই হচ্ছে বাংলাদেশ নামক জাতি-রাষ্ট্রের বৈধ ভিত্তি। আর এই ঘোষণার ভিত্তিতেই মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। বৈধতার ভিত্তিতে প্রবাসী সরকার গঠিত না হলে সমগ্র স্বাধীনতা আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বিশ্ব দরবারে প্রমাণ করার অপচেষ্টা চালাতো পাকিস্তানী শাসকরা।
স্বাধীনতার এই ঘোষণাপত্রই হচ্ছে বাংলাদেশের প্রথম অন্তবর্তীকালীন সংবিধান। ঘোষনাপত্রকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট সংবিধানের মূল সূচনা হিসেবে (Genesis of the Constitution) আখ্যায়িত করেছে। সুতরাং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চূড়ান্ত দলিল স্বাধীনতার ঘোষণাপত্র জারির দিবস বা ১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে ঘোষণা করা রাষ্ট্রের দায়িত্ব।
এত স্বল্প জায়গায় এত অল্প দিনে-এত ভয়াবহ গণহত্যা বাংলাদেশে সংঘটিত হলেও ৪৫ বছর পর গণহত্যা দিবস পালনের কথা মনে হয়েছে। যুদ্ধাপরাধীর বিচার অনুষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে লেগেছে ৪০ বছর। আর স্বাধীনতার ঘোষণাপত্রই মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় দর্শন-এটা উপলব্ধি করতে এ জাতির আর কত বছর লাগবে?
রুয়ান্ডায় ১০০ দিনে ১০ লক্ষ লোক হত্যা করা হয়েছে। রুয়ান্ডার গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রুয়ান্ডা তাদের গণহত্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সংবিধানের প্রস্তাবনায় (Preamble) উল্লেখ করেছে। আর আমাদের ত্রিশ লক্ষ শহীদদের রক্তে নিমজ্জিত রাষ্ট্রের সংবিধানে ‘গণহত্যা’ শব্দটি একবারও উচ্চারণ হয়নি।
ঘোষণাপত্রের আলোকেই সংবিধান প্রণীত হবার বাধ্যবাধকতা থাকলেও ঘোষণাপত্রের মৌলিক বিষয়কে অস্বীকার করে ৭২ এর সংবিধান প্রণীত হয়েছে। অস্বীকৃত বিষয়গুলো হচ্ছে: ১. ঘোষণাপত্রে গণহত্যার কথা বার বার বলা হয়েছে কিন্তু ৭২ এর সংবিধানের প্রস্তাবনা সহ কোথাও এতবড় ভয়াবহ গণহত্যার টু শব্দটি উল্লেখ করা হয়নি ২. ঘোষণাপত্র জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার ঘোষণা দিলেও ৭২ এর সংবিধান তা পরিত্যাগ করেছে।ঘোষণাপত্রে ঘোষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এ তিনটি রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে ৭২ এর সংবিধান গ্রহণ করেনি। এই তিনটি আদর্শ ছিলো মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। এটা ঘোষণা, অঙ্গীকার, প্রতিশ্রুতি। ত্রি দর্শন থেকে রাষ্ট্রকে আলাদা করা যাবে না-পৃথক করা যাবে না। এই তিন আদর্শকে সুরক্ষিত করতে হবে। সাম্য ছাড়া, মানবিক মর্যাদা ছাড়া, সামাজিক সুবিচার ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র অর্থহীন হয়ে পড়বে। আদর্শ বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করায় এখন রাষ্ট্রের কোন আদর্শও নেই আর ৭২ এর সংবিধানে যে নীতি প্রণীত আছে তার ভিত্তিতে দেশও চলছে না। সংবিধান এখন অসহায়। কারণ স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সংবিধান প্রণীত হয়নি। এতবড় ভুলের দায়বোধ কেউ স্বীকার করেনা।
আমরা ক্রমাগত মুক্তিযুদ্ধের আদর্শকে বিসর্জন দিয়ে যাচ্ছি-পরিত্যাগ করে যাচ্ছি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক লক্ষ্য অর্জন আবশ্যক, রাষ্ট্রীয় রাজনৈতিক নেতৃত্ব দেশকে সেই পথে এগিয়ে নেয়ার কোন পদক্ষেপই গ্রহণ করেনি। ফলে বিদ্যমান রাজনীতি এবং যে ধারায় রাষ্ট্র পরিচালনা হচ্ছে তা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার প্রশ্নে বিশ্বাসঘাতকতা।
স্বাধীনতার ঘোষণাপত্রে তিন আদর্শের মাঝে সামাজিক ও রাজনৈতিক রূপান্তরের স্বপ্ন নিহত। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধকে জনগণ মুক্তি-সংগ্রামে রূপান্তর করেছিলো শুধু স্বাধীনতায় সীমাবদ্ধ নয় একেবারে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র আলাদা নয়-অভিন্ন। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পর পরই মুক্তিযুদ্ধকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলি।
মুক্তিযুদ্ধের চেতনাকে মানবিক চেতনার বিস্ময়কর উত্থানে রূপান্তর করা এবং মানুষকে আলোকিত করার জ্ঞান জাতির মর্মমূলে প্রবিষ্ট করার কোন উদ্যোগই নেয়া হয়নি, এমনকি জ্ঞান বিভাসিত দর্শন আহরণে কোন চেষ্টাই করা হয়নি। কেবলমাত্র পুরাতন প্রশাসন নয়, পুরাতন রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নয়-সমাজের পুরাতন রূপের বিলোপ করাই ছিলো মুক্তি-সংগ্রামের কাম্য আমরা স্বাধীনতার পর পরই ঘোষণাপত্রের গভীরতম অঙ্গীকার পরিত্যাগ করে ফেলেছি।
তিন আদর্শের দার্শনিক ভিত্তি পর্যালোচনা করে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করতে হবে।
সাম্যর মৌলিক দিক হচ্ছে তিনটি ১. আইনগত সাম্য অর্থাৎ সকল মানুষ একই আইন ধারা নিয়ন্ত্রিত হবে। ২. রাজনৈতিক সাম্য অর্থাৎ আইন প্রণয়ন ও নেতৃত্ব নির্বাচনে সবল মানুষের সমান অধিকার ৩. সামাজিক সাম্য অর্থাৎ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সকল কিছুর প্রতি সমান অধিকার। দার্শনিক জন লকের দর্শনের মূল ভিত্তি ছিলো সাম্য। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে রয়েছে সমান মর্যাদার ভিত্তিতেই সকল মানুষের সৃষ্টি। আব্রাহাম লিংকন গেটিজ বার্গ বক্তৃতায় বলেছেন All man
are created equal |
মানবিক মর্যাদা হচ্ছে জন্মগত প্রকৃতিগত-এটা অবিচ্ছেদ্য। রাষ্ট্র জরুরী অবস্থা জারি করার সময় মৌলিক অধিকার বা ব্যক্তির স্বাধীনতা স্থগিত করতে পারে কিন্তু মানবিক মর্যাদা বিপন্ন করার এখতিয়ার রাষ্ট্রের কর্তৃত্ব বর্হিভূত। জার্মান সংবিধানে মৌলিক অধিকারের শীর্ষে রয়েছে মানবিক মর্যাদা। এতে বলা হয়েছে মানবিক মর্যাদা অলংঘনীয়। একে রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য।
সামাজিক সুবিচার সাধারণভাবে সমাজে ব্যক্তির ভূমিকার পূর্ণতা আনে এবং সমাজ থেকে তার প্রাপ্য নিশ্চিত করে। সামাজিক সুবিচার আর মানব উন্নয়নের লক্ষ্য অভিন্ন। আইএলও-র মুখবন্ধে বলা হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যাবশ্যকীয় ভিত্তি হচ্ছে সামাজিক ন্যায়বিচার।
স্বাধীনতার ঘোষণাপত্রে ত্রি আদর্শ ছিলো আমাদের রাষ্ট্রের দার্শনিক ভিত্তি। দার্শনিক ভিত্তি ছাড়া একটি রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা যায় না, দিক নির্দেশনা দেয়া যায় না। দার্শনিক ভিত্তির অভাবে আমাদের মনন অবক্ষয়প্রাপ্ত, মূল্যবোধ ভেঙ্গে পড়ছে এবং আইনের শাসন লন্ডভন্ড। মানুষ বিভক্ত ও নৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত, বাঙালী সংস্কৃতি বিপন্ন।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার নির্যাস হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রই হচ্ছে রাষ্ট্রের আলোক বর্তিকা বা প্রদীপ। আর সেই প্রদীপের আলোয় আলোকিত হবে বাংলাদেশ নামক রাষ্ট্র। কিন্তু আমাদের ভুল রাজনীতি, দার্শনিক প্রজ্ঞার অভাব এবং পরশ্রীকাতরতার জন্য আমরা মুক্তিযুদ্ধের প্রদীপকে সরিয়ে দিচ্ছি, দূরবর্তী করে দিচ্ছি, আড়াল করে দিচ্ছি। ফলে রাষ্ট্র আলোকিত হতে পারছেনা বরং অন্ধকারের দিকে দ্রুত ধাবিত হচ্ছে।সংবিধানে নির্দেশনায় যদি ত্রি আদর্শ থাকতো তাহলে সে সংবিধান হতো Mirror of social and National aspiration জনগণ এই আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হতো, জনসাধারণের ধ্যান-ধারণা মূল্যবোধ সংবিধানের নির্দেশনা মত গড়ে উঠতো।
রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের আলোকে আলোকিত করার জন্য যা জাতির জরুরী কর্তব্য তা হচ্ছে:
১. মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দর্শনে গণতান্ত্রিক-নৈতিক ও মানবিক রাষ্ট্র নির্মানের জন্য সংবিধানের আমূল পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা। ঘোষণাপত্রের তিন আদর্শকে প্রজাতন্ত্রের আদর্শ হিসেবে ঘোষণা করা;
২. সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর দার্শনিক ভিত্তি নিয়ে ব্যাপকভিত্তিক পর্যালোচনা করে রাষ্ট্র পরিচালনা নীতি উদ্ভাবন করা এবং জনগণের অভিমত গ্রহণে ‘গণভোট’ অনুষ্ঠান করা;
৩. সাংবিধানিক বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে ঘোষণাপত্রের তিন আদর্শ সাম্য, মানবিক মর্যদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উপযোগী সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্র-সমাজ নির্মান করা;
৪. উপনিবেশিক শাসনব্যবস্থা-বিচারব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা আইন প্রণয়ন ব্যবস্থা পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী করা।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র হবে গণতান্ত্রিক, নৈতিক ও মানবিক রাষ্ট্র, এ প্রতিশ্রুতি ও ঘোষণা অবিচ্ছেদ্য-অলংঘনীয়। এই তিন আদর্শ সূর্যালোকের মত। এই তিন আদর্শের আলোকেই বাংলাদেশকে বিনির্মান করতে হবে।
রেনেসাঁস প্রসঙ্গে
আবুল কাসেম ফজলুল হক
ব্রিটিশ-শাসিত বাংলার রেনেসাঁস নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশে-বিদেশে আলোচনা-সমালোচনা হচ্ছে। সুশোভন চসরকার, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, মানবেন্দ্রনাথ রায়, কাজী আবদুল ওদুদ, মোহিতলাল মজুমদার, শশীভূষণ দাশগুপ্ত, শ্রীঅরবিন্দ, বিনয় ঘোষ, শিবনারায়ণ রায়, নীরদচন্দ্র চৌধুরী, ডেবিড কফ, অন্নদাশঙ্কর রায়, অমলেশ ত্রিপাঠি, স্বপন বসু, শক্তিসাধন মুখোপাধ্যায়, মোতাহের হোসেন চৌধুরী, গোলাম মুরশিদ প্রমুখ চিন্তক ইতিহাসের দিক দিয়ে বিষয়টিকে দেখেছেন এবং নিজ নিজ উপলব্ধি ব্যক্ত করেছেন। উনিশ শতকের বাংলার নবচেতনা সম্পর্কে অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিবনাথ শাস্ত্রী, রামেন্দ্রসুন্দর ত্রিদেবী, সুশীল কুমার দে, বেগম রোকেয়া, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র বাগল, বঙ্কিম, রবীন্দ্রনাথ প্রমুখের লেখাও খুব প্রাসঙ্গিক। যাঁরা বাংলা সাহিত্যের আধুনিক যুগের ইতিহাস রচনা করেছেন তাঁরাও এ নিয়ে মত প্রকাশ করেছেন। প্রাসঙ্গিকভাবে ইউরোপের রেনেসাঁস সম্পর্কেও এঁরা মত প্রকাশ করেছেন শিবনারায়ণ রায় বাংলা ও ইংরেজিতে লেখা একাধিক গ্রন্থে ইউরোপের রেনেসাঁস নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেছেন। আলবার্ট সুইটজার, ওসয়াল্ড স্পেংলার, বার্ট্রান্ড রাসেল, এরিখ ফ্রোম, আলবার্ট আইনস্টাইন, জাঁপল সার্ত প্রমুখের লেখা থেকেও ইউরোপের রেনেসাঁস ও বিশ শতকে পাশ্চাত্য সভ্যতার সঙ্কট সম্পর্কে জানা যায়। একান্তভাবে ইউরোপের রেনেসাঁসের ইতিহাসও রচিত হয়েছে। বিভিন্ন জনের ধারণার মধ্যে মিল যেমন আছে, তেমনি অমিলও আছে। নানা কারণে রেনেসাঁসের বিরোধিতা করেন, দেশে-বিদেশে এমন লোকও ছিলেন এবং আছেন। বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে রেনেসাঁস বিষয়ে এঁদের লেখা আমি পড়েছি। এতে রেনেসাঁসের রূপ ও প্রকৃতি সম্পর্কে আমার যে ধারণা হয়েছে, তা এখানে লিপিবদ্ধ করছি। আমি অত্যন্ত আনন্দিত হতাম যদি এই লেখার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমি পর্যাপ্ত সময় ধরে অনুসন্ধান ও অধ্যয়ন চালাতে পারতাম।
বাংলাদেশের চিন্তাজগতে ও কর্মক্ষেত্রে যে অবস্থা এখন বিরাজ করছে, উন্নততর ভবিষ্যতের জন্য তাতে একটা বড় রকমের পরিবর্তন আমি কামনা করি। সেজন্যই আমার এই লেখা। আমি চাই বিষয়টির প্রতি বিবেকবান চিন্তাশীল ব্যক্তিদের ও সন্ধিৎসু তরুণদের দৃষ্টি আকৃষ্ট হোক।
এখানে যে মত আমি ব্যক্ত করছি তা গঠিত হয়েছে বহুজনের মতামতের ভিত্তিতে; তবে এতে আমার স্বকীয়া দৃষ্টিভঙ্গি ও পছন্দ-অপছন্দই মূল। আমি অন্যদের মতের সারসঙ্কলন করতে চাইনা আমি চাই অন্যদের মত জেনে নিজের ধারণা গঠন করতে এবং নিজের উপলব্ধি ব্যক্ত করতে। রেনেসাঁস সম্পর্কে ধারণা, বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন ভাষায় যত অল্প লোকের মধ্যেই হোক আজও বিকাশশীল আছে। উন্নত ভবিষ্যত সৃষ্টির লক্ষ্যে বাংলা ভাষায়ও এ বিষয়ে নতুন চিন্তা-ভাবনা ও আলোচনা-সমালোচনা দরকার। নতুন চিন্তা যেমন দরকার, তেমনি দরকার নতুন চিন্তা অবলম্বন করে নতুন কাজ। চিন্তায় ও কাজে পারম্পর্য দরকার ধারাবাহিকতা দরকার।
রেনেসাঁস কথাটির আভিধানিক অর্থ নবজন্ম new birth। এর দ্বারা সভ্যতার নবজন্ম বোঝায়। প্রত্যেক জাতির সভ্যতার মধ্যেই তার আত্মপরিচয় নিহিত থাকে। প্রত্যেক জাতির সভ্যতারই বস্তুগত দিক যেমন আছে, তেমনি আছে চিন্তা-চেতনাগত দিকও। কোনো জাতির সভ্যতায় যখন রেনেসাঁস দেখা দেয় তখন সেই জাতিরই নবজন্ম ঘটে জাতি নতুন প্রাণশক্তি লাভ করে। প্রত্যেক জাতির জীবনেই সুসময় আছে, দুঃসময়ও আছে। সুসময়ই রেনেসাঁসের পরিচয়বাহী।
মধ্যযুগের শেষ পর্যায়ে ইতালিতে রেনেসাঁসের যাঁরা সূচনা করেছিলেন এবং বিকাশ ঘটিয়ে চলছিলেন, তাঁরা জানতেন না যে তাঁরা রেনেসাঁস বলে কিছু একটা ঘটিয়ে চলছেন। রেনেসাঁসের ধারণা দেখা দেয় রেনেসাঁসের একটি অগ্রসর পর্যায়ে। রেনেসাঁস কথাটি কে কোথায় কেন প্রথম ব্যবহার করেছিলেন তাও মনে হয় এখনো কেউ বের করতে পারেননি আজকের দিনেও, নানা দেশে অন্তত কিছুলোক, রেনেসাঁসের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত না হয়েও, রেনেসাঁসের ধারায় চিন্তা ও কাজ করে চলছেন।যে রেনেসাঁস চতুর্দশ শতাব্দীতে ইতালিতে সূচিত হয়েছিল এবং ক্রমে ইউরোপে ও অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়েছিল, তার মর্মে ছিল জীবন-জগতের রহস্য আর সত্য ও ন্যায় সন্ধানের অদম্য স্পৃহা এবং মিথ্যা অন্যায় ও দুঃখ-দুর্দশা থেকে মুক্তির প্রবল আকাঙ্ক্ষা। যে-কোনো কারণেই হোক, এই স্পৃহা ও আকাঙ্ক্ষা তখন নতুন করে দেখা দিয়েছিল এবং বিকশিত হয়ে চলছিল।
রেনেসাঁসের মনীষীরা তত্ত্বচিন্তা করেছেন ইন্দ্রিয়প্রত্যক্ষ জ্ঞানকে অবলম্বন করে। জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও অন্তরেন্দ্রিয়কে অবলম্বন করে তাঁরা বাইরের জগতকে জানতে চেয়েছেন। তথ্য অবলম্বন করে তাঁরা সত্য সন্ধান করতে চেয়েছেন গতানুগতিতে তাঁদের আস্থা ছিল না, তাঁরা ছিলেন সৃষ্টিপ্রয়াসী, আবিষ্কার-উদ্ভাবনপ্রয়াসী। সর্বোপরি, তাঁরা ছিলেন অসাধারণ বৌদ্ধিক চরিত্রের (intellectual character) অনুরাগী। তখনই মানুষ প্রথম মানবীয় মূল্যবোধ, শাস্ত্রনিরপেক্ষ যুক্তি আর নতুন আশা নিয়ে পরকালের দিক থেকে দৃষ্টি সরিয়ে ইহকালের দিকে ভালো করে তাকিয়েছিল এবং ঈশ্বর, গির্জা ও বাইবেলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জায়গায় মানবীয় দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছিল। ক্রমে মানবজাতির মধ্যে উপলব্ধি জেগেছিল যে, মানুষের শক্তি ও সম্ভাবনা ক্রমবর্ধমান ও অফুরন্ত। তাতে মানুষের চিন্তা ও কর্মের প্রকৃতি বদলে যায়। মানুষ আত্মশক্তিতে আস্থাশীল ও আত্মনির্ভর হতে থাকে এবং ঈশ্বর ও ধর্মগ্রন্থের উপর নির্ভরশীলতা ত্যাগ করতে করতে নিজেদের শক্তিতে আস্থাশীল হয়। রেনেসাঁস এক বিকাশশীল প্রত্যয়। ইতিহাসে যাকে আধুনিক যুগ বলা হয়, রেনেসাঁস হল সেই যুগের গোটা সময়ের মর্মগত মূল স্পিরিট। রেনেসাঁস সম্পর্কিত ধারণার যেমন ক্রমবিকাশ আছে তেমনি আছে পরিমার্জন-পরিশীলন।
আন্তরিক আগ্রহে স্বাধীন চিন্তাশীলতা নিয়ে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের চর্চা ও সব রকম মানবীয় কার্যক্রমের মধ্য দিয়ে ঘটে রেনেসাঁসের অভিব্যক্তি। রেনেসাঁসের জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য চর্চা আর অন্য উদ্দেশ্যে এসবের চর্চা মোটেই এক রকম ব্যাপার নয়।
আজকালকার একাডেমিক গবেষণায় রেনেসাঁসের দৃষ্টিভঙ্গি কিংবা অনুসন্ধিৎসা খুঁজে পাওয়া যায় না। একাডেমিক গবেষণায় গবেষকের ইচ্ছার স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা অল্পই থাকে।
যে রেনেসাঁসের কথা আমরা বলছি তা ছিলো মধ্যযুগের গর্ভ থেকে আধুনিক যুগকে মুক্ত করার এবং জ্ঞান-বিজ্ঞান ও শিল্প সাহিত্যের ক্ষেত্রে জীবনবাদী নতুন নতুন সৃষ্টি ও আবিষ্কার-উদ্ভাবন দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অবস্থাকে সমৃদ্ধ সুন্দর ও উন্নত করার আন্দোলন। এর মধ্যে আর্থ-সামাজিক-রাষ্ট্রিক ব্যবস্থারও পরিবর্তন ঘটানো হয়েছে। কোনো জাতির জীবনে রেনেসাঁস হল আধুনিক যুগের দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক আন্দোলন যা দ্বারা মানুষের জীবন-জগতদৃষ্টিতে মৌলিক পরিবর্তন ঘটে চলে এবং সর্বক্ষেত্রে আঁকাবাঁকা উঁচুনিচু পথ ধরে সৃষ্টি ও প্রগতির ধারা বহমান থাকে।
রেনেসাঁসে চিন্তার অগ্রগতির সঙ্গে সঙ্গে সাধন করা হয় আর্থ-সামাজিক-রাষ্ট্রিক অগ্রগতি। ইউরোপে রেনেসাঁসের উদ্ভব সম্পর্কে ফ্রেডারিক এঙ্গেলসের একটি উক্তি (১৮৭৩):
আধুনিক প্রকৃতিবিজ্ঞানেরও সূচনা সেই মহান যুগটি থেকে যে-যুগটিকে আমরা জার্মানরা নাম দিয়েছি আমাদের তৎকালীন জাতীয় বিপর্যয়ের নামে রিফর্মেশন, ফরাসিরা যাকে বলে রেনেসাঁস এবং ইতালীয়রা সিনকুয়েসেন্টু যদিও এই নামগুলোর কোনোটি দিয়েই এই যুগের তাৎপর্য পরিপূর্ণভাবে প্রকাশিত হয় না। বাইজেনটিয়ামের পতনের ভিতর দিয়েও যেসব পান্ডুলিপি বেঁচে গিয়েছিল, রোমের ধ্বংসাবশেষ খুঁড়ে যেসব প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছিলে, তাদের মধ্য দিয়ে পশ্চিমের কাছে প্রাচীন গ্রিসের বিস্ময়কর এক নতুন জগত আত্মপ্রকাশ করল। এ জগতের উজ্জ্বল রূপের সামনে অদৃশ্য হল মধ্যযুগের প্রেত ইতালিতে শিল্পকলার অভাবনীয় প্রস্ফুটন ঘটল, মনে হল এ যেন সেই প্রাচীন যুগের চিরায়ত শিল্পেরই প্রতিফলন। শিল্পকলার তেমন উন্নতি আর কোথাও কোনোদিন হয়নি। ইতালি, ফ্রান্স ও জার্মানিতে প্রথম নতুন আধুনিক সাহিত্যের উদ্ভব হল। তার অল্প কিছুকাল পরেই এল ইংরেজি ও স্পেনীয় সাহিত্যের চিরায়ত যুগ। পুরাতন পৃথিবীর সীমা ভেঙে গেল। তখনই পৃথিবী সত্য করে আবিষ্কৃত হল, এবং পরবর্তী কুটির শিল্প থেকে বৃহৎ কারখানা শিল্পে উত্তরণের ও বিশ্ববাণিজ্যের ভিত্তি রচিত হলঃ আর তা থেকেই সূত্রপাত হল আধুনিক বৃহদায়তন শিল্পের। গির্জার আধ্যাত্মিক একনায়কত্ব তখন ভেঙে চুরমার হয়ে গেল জার্মান জাতিগুলোর অধিকাংশ গির্জার এই একনায়কতন্ত্রকে প্রত্যক্ষভাবে বর্জন করে প্রটেস্টান্ট মত গ্রহণ করল। আর লাতিন জাতিগুলোর মধ্যে আরবদের থেকে প্রাপ্ত ও নব-আবিষ্কৃত গ্রিক দর্শনের দ্বারা লালিত স্বাধীন চিন্তার এক স্ফূর্তিদীপ্ত প্রেরণা ক্রমেই বেশি করে শেকড় গেড়ে বসতে লাগল এবং অষ্টাদশ শতাব্দীর বস্তুবাদের পথ তৈরি করে দিল।
সিনকুয়েসেন্টু কথাটির অর্থ শোড়ষ শতাব্দী। শোড়ষ শতাব্দীতে পৌঁছে ইতালি অনুভব করুন যে সে নবযুগে প্রবেশ করেছে ঘটনাপ্রবাহের এই বর্ণনা অত্যন্ত চমৎকার। মধ্যযুগের ইউরোপ থেকে ক্রমে পৃথক হয়ে গেল আধুনিক যুগের ইউরোপ ইউরোপের কয়েক শতাব্দীব্যাপী বৌদ্ধিক কার্যক্রম, চিন্তাধারার অগ্রগতি, আবিষ্কার-উদ্ভাবন-অভিযান ও আর্থ-সামাজিক-রাষ্ট্রিক বাস্তবতার পরিবর্তন বর্ণনা করে এঙ্গেলস আবেগদীপ্ত ভাষায় আরো লিখেছেন:
এ হল মনুষ্যজাতির অভিজ্ঞাত সর্ববৃহৎ প্রগতিশীল বিপ্লব। এই সময়টার প্রয়োজন ছিল মহামানবদের, সৃষ্টিও করল মহামানবদের মননক্ষমতা, আবেগ ও চরিত্রবলের দিক দিয়ে মহামানব, সর্বাঙ্গীণতা ও বিদ্যাবত্তার দিক দিয়ে মহামানব এই-যে মানুষদের সৃষ্টি ও কর্মের দ্বারা বুর্জোয়া শ্রেণির আধুনিক শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, তাঁদের বুর্জোয়াসুলভসীমাবদ্ধতা একেবারেই ছিল না। কালের দুঃসাহসিক চরিত্রই তাঁদের ব্যক্তিত্বকে কম-বেশি রঞ্জিত করে তুলেছিল। এই সময়কার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে এমন প্রায় কেউই ছিলেন না যিনি বহু ভ্রমণ করেননি, যাঁর চার-পাঁচটা ভাষায় দখল ছিল না, যিনি একাধিক ক্ষেত্রে কৃতিত্ব দেখাননি। লিওনার্দো দা ভিঞ্চি কেবল একজন বিরাট চিত্রশিল্পীই ছিলেন না, একই সঙ্গে ছিলেন বিরাট গণিতবিদ, যন্ত্রবিদ ও ইঞ্জিনিয়ার, পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা অনেক মূল্যবান আবিষ্কারের জন্য তাঁর কাছে ঋণী। আলব্রেস্ত দ্যুরার ছিলেন চিত্রশিল্পী, ক্ষোদক, ভাস্কর, স্থপতি, অধিকন্তু দুর্গ নির্মাণের যে পদ্ধতির তিনি উদ্ভাবক তার বহু ধারণাই অনেক দিন পরে আবার গ্রহণ করেন মতালাঁবের, আর দুর্গ নির্মাণের আধুনিকতর জার্মান বিজ্ঞানও সেগুলো গ্রহণ করে। মেকিয়াভেলি ছিলেন রাজনীতিক, ঐতিহাসিক, কবি এবং সেই সঙ্গে আধুনিককালের প্রথম উল্লেখযোগ্য সামরিক গ্রন্থ প্রণেতা। লুথার-যে শুধু গির্জার অঙ্গিয়াস আন্তাবল পরিষ্কার করেছিলেন তাই নয়, জার্মান ভাষাকেও আবর্জনামুক্ত করেছিলেন। আধুনিক জার্মান গদ্য তাঁরই সৃষ্টি; আর যে উদাত্ত স্তোত্রটি ষোড়শ শতাব্দীর মার্সাই হয়ে দাঁড়িয়েছিল তার কথা ও সুরও তিনি রচনা করেছিলেন। এই সময়ের নায়কেরা শ্রমবিভাজনের হুকুমনবিস হয়ে পড়েননি।
শ্রমবিভাজনের একপেশেমিসহ যেসব পর্বকর প্রতিক্রিয়া আমরা প্রায়শ দেখতে পাই তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে, তা তাঁদের মধ্যে ছিল না। তাঁদের যা সবচেয়ে বড় বৈশিষ্ট্য তা হলো, তাঁদের প্রায় সকলেই সমসাময়িক জীবনস্রোতের গভীরে ব্যবহারিক সংগ্রামের ভেতর দিয়ে জীবন ও কার্যকলাপ চালিয়ে গেছেন। পক্ষ অবলম্বন করেছেন তাঁরা, লড়াইয়ে যোগ দিয়েছেন, কেউ বক্তৃতা ও লেখা দ্বারা, কেউ তরবারি হাতে, অনেকেই উভয়ত। সেজন্যই তাঁদের চরিত্রের পরিপূর্ণতা ও শক্তিমত্ততা, যা তাঁদের পরিপূর্ণ মানুষ করে তুলেছে। পুঁথিসর্বস্ব মানুষ, এটা দেখা গেছে ব্যতিক্রমের ক্ষেত্রেই, হয় দ্বিতীয় ও তৃতীয় সারির মানুষ, নাহয় সাবধানী কূপমণ্ডুক যাঁরা কোনো রকম বিপদের ঝুঁকি নিতে চান না।….
যে মহান ইতালীয়দের থেকে আধুনিক দর্শনের শুরু, তাঁদেরই পাশাপাশি প্রকৃতিবিজ্ঞানকে ইনকুইজিশনের দাহমঞ্চের জন্য শহিদ আর কারাগারের জন্য সত্যসাধক যোগাতে হয়েছে। আর এটা বৈশিষ্ট্যসূচক যে, প্রকৃতি নিয়ে স্বাধীন অনুসন্ধানকে নিপীড়ন করার ব্যাপারে প্রটেস্টেন্টরা ক্যাথলিকদের ছাড়িয়ে গিয়েছিলেন। সের্ভেৎ যখন রক্তচলাচলের ধারা প্রায় আবিষ্কার করে ফেলেছেন তখনই কালভা তাঁকে পুড়িয়ে মারলেন। তাঁকে দুইঘণ্টা ধরে জীবন্ত ভাজেন কালভা। ইনকুইজিশন লিওনার্দো ব্রুনোকে সরাসরি পুড়িয়ে মারাকেই যথেষ্ট মনে করেছিল।
মার্কস, এঙ্গেলস ছিলেন রেনেসাঁসেরই সন্তান। রেনেসাঁসের ভাবধারা অবলম্বন করে তাঁরা সৃষ্টি করেছেন শোষণ-পীড়ন-প্রতারণা থেকে মুক্তির দর্শন। কমিউনিস্ট পার্টির ইশতিহারে রেনেসাঁসের মনীষীদের অবদানের কথা পরিপূর্ণ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। মুক্তির পথ তাঁরা নির্দেশ করেছেন শ্রমিক শ্রেণির সংগ্রামী ভূমিকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিহাসের গতিধারা পর্যবেক্ষণের মধ্য দিয়েই রেনেসাঁসের ধারণা দেখা দিয়েছে। রেনেসাঁস সম্পর্কে কয়েক শতাব্দী ধরে দেশে-বিদেশে মনীষীরা নানা পরিস্থিতিতে, নানা প্রয়োজনে, নানা দৃষ্টিভঙ্গি নিয়ে, নানা মত প্রকাশ করে আসছেন তর্ক-বিতর্কও হয়েছে। রেনেসাঁসের-কালে রেনেসাঁসের পরিপন্থি চিন্তাও দেখা গিয়েছে; তবে রেনেসাঁসের বিকাশকালে সেগুলো কালের মূল প্রবণতা হয়ে উঠতে পারেনি। রেনেসাঁস-বিরোধী সদর্থক কোনো সর্বাঙ্গীণ মত গড়ে ওঠেনি।
রেনেসাঁসে ক্লাসিকের চর্চা ছিল, কিন্তু অতীতকে ফিরিয়ে আনার কিংবা অতীতে ফিরে যাওয়ার মনোভাব ছিল না দৃষ্টি ছিল সামনে কল্যাণকর নতুন কিছু সৃষ্টির দিকে অভীষ্ট ভবিষ্যতের দিকে। রেনেসাঁসের সাধকেরা লাতিন ভাষাকে অতীতের ভাষায় পরিণত করে ইংরেজি, ফরাসি, জার্মান প্রভৃতি ভাষায় জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের চর্চা করেন এবং সেগুলোকে গুরুত্বপূর্ণ বিকাশশীল ভাষায় উন্নীত করেন।
রেনেসাঁসের কালে জনমনে ধারণা সৃষ্টি করা হয়েছিল যে, আমাদের বর্তমান খারাপ কিন্তু ভবিষ্যত ভালো। তখন নতুন ভবিষ্যত সৃষ্টির সাধনা ও সংগ্রাম ছিল। মানুষ ছিল পরিবর্তন-উন্মুখ। রেনেসাঁসে ভালোর সঙ্গে মন্দও ছিল ভালো-মন্দ মিলিয়েই মানুষ ও তার সমাজ। মন্দবিহীন শুধুই ভালো কিছুই পাওয়া যায় না। রেনেসাঁসের ভাবপ্রবাহের পাশাপাশি পর্যায়ক্রমে দেখা দেয় উপনেবিশবাদ, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ। মুসলমান-খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে গিয়েছে বিরোধ। ভারতে গিয়েছে হিন্দু-মুসলমানের বিরোধ। ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ ছাড়াও আরো নানা রকম বিরোধ দেখা গেছে। উপনিবেশবাদী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জতীয়বাদীদের স্বাধীনতা-সংগ্রাম চলেছে। ধনিক-বণিকদের সঙ্গে শ্রমিক-কৃষকদের বিরোধ গিয়েছে। মানুষের সমাজে ভালো মন্দকে পরাজিত রাখবে এবং মানুষ প্রগতির বাধা অতিক্রম করে করে এগিয়ে চলবে এটাই ছিল ধারণা। রেনেসাঁসের স্পিরিট নিয়ে রচিত শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়বাদ ও তার সম্পূরক আন্তর্জাতিকতাবাদ ইত্যাদিরও লক্ষ্য ছিল মানবীয় প্রচেষ্টায় পৃথিবীকেই স্বর্গে উন্নীত করা। রেনেসাঁসের কালে মানুষ সম্পর্কে মানুষের ধারণা অনেক উচ্চ ছিল।
ইতালিতে সূচিত হওয়ার পর রেনেসাঁস ছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি কেন্দ্রিক। পরে তা সকল মহাদেশে সব জাতির মধ্যে-বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ছড়িয়ে পড়ে এবং পর্যায়ক্রমে বিকশিত হয়ে চলে।
দেশান্তর যাত্রা ও দুঃসাহসী অভিযান আমেরিকা উত্তরমেরু ও দক্ষিণমেরু আবিষ্কার, জলপথে ভারতে আসার পথ আবিষ্কার, অস্ট্রেলিয়ার ও অন্ধকারাচ্ছন্ন আফ্রিকার রহস্য সন্ধান, মহাকাশ অভিযান, এভারেস্ট অভিযান ইত্যাদির মর্মে ছিল রেনেসাঁসের স্পিরিট। মানববাদ, উপযোগবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও তার সম্পূরক আন্তর্জাতিকতাবাদ ইত্যাদির উদ্ভব ও বিকাশ ঘটেছে রেনেসাঁসের স্পিরিট অবলম্বন করেই। রেনেসাঁসের ধারা ধরেই উদ্ভব ও বিকাশ ঘটেছে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ভূতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন ও বিভিন্ন ধারার প্রযুক্তির। বিজ্ঞান ও বিজ্ঞানমনষ্কতা প্রাধান্য বিস্তার করেছে। ইহলৌকিক-উপলব্ধিজাত মানল্ববাদী শিল্প-সাহিত্য সৃষ্টির মর্মেও কাজ করেছে লেখকদের জ্ঞাত ও অজ্ঞাত রেনেসাঁসের স্পিরিট। পাশাপাশি পশ্চাদ্বর্তী পুরাতন ধ্যানধারণাও অস্তিমান ছিল। মানবজাতির অগ্রগতি সরলরৈখিক কিংবা বাধা-বিপত্তিহীন ছিল না। কখনো কখনো মানুষের নৈতিক চেতনার অধোগতি ও প্রযুক্তির অপব্যবহারও নির্ধারক শক্তি হয়ে উঠেছে। রেনেসাঁসের মধ্যেই আছে বিজ্ঞান-প্রযুক্তির অপব্যবহারও।
উঁচু-নিচু, আঁকাবাঁকা কন্টকাকীর্ণ পথ ধরে চৌদ্দ শতক থেকে উনিশ শতক পর্যন্ত ছয়শো বছর নানাভাবে ইউরোপের নানা জাতির মধ্যে রেনেসাঁসের স্পিরিট বহমান ছিল। উনিশ শতকের শেষে ইউরোপ-আমেরিকার বৃহৎ শক্তিবর্গ যখন কর্তৃত্ব বিস্তারের ও উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় মত্ত হয়ে সংঘাতের দিকে এগিয়ে চলে তখন তাতে দেখা দেয় ভাটা এবং তা দ্রুত ক্ষয় পেয়ে যেতে থাকে। তাদের মধ্যে তখন সভ্যতা, সংস্কৃতি, প্রগতি ও রেনেসাঁসের তাড়নার চেয়ে ক্ষমতালিপ্সা ও সম্পত্তিলিপ্সা অনেক প্রবল হয়ে ওঠে। ক্রমে অপশক্তি দীর্ঘকালের জন্য শুভশক্তিকে ক্ষমতাচ্যুত করে। ওই সময়েই সংঘটিত হয় দুই বিশ্বযুদ্ধ ও অনভিপ্রেত নানা ঘটনা। যুদ্ধের ও অনভিপ্রেত সব ঘটনার অভিঘাতে মানুষের জীবনোপলব্ধি ও চিন্তা-চেতনা বদলে যেতে থাকে। দুই বিশ্বযুদ্ধের কালে বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার দেখে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন-‘বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ?’ ‘মানুষের কি কোনো ভবিষ্যত আছে?’
বাংলা ভাষার দেশে উনিশ শতকের প্রথম পাদে রামমোহনের (১৭৭২-১৮৩৩) চিন্তা ও কর্মের মধ্য দিয়ে সূচিত হয়েছিল রেনেসাঁস। তাতে প্রথমে হিন্দুসমাজে, পরে মুসলমান সমাজে জাগরণ দেখা দিয়েছিল। বেগম রোকেয়ার (১৮৮০-১৯৩১) চিন্তা ও কর্মের মধ্য দিয়ে বাঙালি মুসলমান সমাজে সূচিত হয়েছিল রেনেসাঁস। ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের ভাবুকেরা বাংলার মুসলমান সমাজে রেনেসাঁস সৃষ্টির সঙ্কল্প নিয়ে কাজ করেছিলেন। তাঁরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ভাবসমন্বয় আশা করেছিলেন। এ দেশে হিন্দুধর্ম ও মুসলমানধর্মের সমন্বয়ে কোনো একীভূত জীবনদর্শন কিংবা একীভূত জাতীয় সংস্কৃতি গড়ে ওঠেনি। বাস্তবে হিন্দুসম্প্রদায় ও মুসলমান সম্প্রদায় একদেশে বসবাস করা সত্ত্বেও বিকশিত হয়েছে স্বতন্ত্র মন নিয়ে স্বতন্ত্র দুই ধারায়। এর মধ্যে কার্যকর করা হয়েছিল ব্রিটিশ সরকারের Divide and Rule Policy, সাম্প্রদায়িকতাবাদের (communalism) আবর্তে পড়ে দৈশিক জাতীয়তাবাদকে (nationalism) বুঝতে দুই সম্প্রদায়ই ব্যর্থ হয়েছে পাকিস্তানকালে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা পর্যন্ত কালে ঢাকা-কেন্দ্রিক জাতীয় সংস্কৃতিতে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে বহমান ছিল রেনেসাঁসের প্রেরণা। গণতন্ত্র ও সমাজতন্ত্রের আবেগও ছিল। ধর্ম নিয়ে বিতর্ক লয় পেয়ে যাচ্ছিল। মানুষ আখেরাতের চেয়ে দুনিয়াদারিকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে আরম্ভকরেছিল। মূল্যবোধ ও যুক্তি মানুষের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে সার্বিক বিশৃঙ্খলা ও সাম্রাজ্যবাদী তৎপরতার মধ্যে চিন্তার প্রগতিশীল ধারা ক্ষীয়মাণ হয়ে পড়ে। বাংলাদেশ প্রতিষ্ঠার পরে বাংলাদেশে শাসক শ্রেণির, সরকারি ও সরকার-বিরোধী উভয় পক্ষের, স্বার্থান্ধ ক্রিয়া-প্রতিক্রিয়া ও সাম্রাজ্যবাদী পরিচালনার মধ্যে জাতীয়তাবাদও উবে গেছে। আদর্শগত দুর্গতির মধ্যে পুনরুজ্জীবিত হচ্ছে পরাজিত পুরাতন সংস্কার-বিশ্বাস ও ধর্ম। তবে বাংলাদেশে ও পশ্চিমবাংলায় কিছু লেখকের চেতনায় রেনেসাঁসের স্পিরিট আজও বহমান আছে।
প্রথম বিশ্বযুদ্ধের পর্যায়ে ফ্রান্সে কাউন্টার রেনেসাঁস রূপে দেখা দেয় আধুনিকতাবাদ (modernism), এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে ফ্রান্সেই জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় ও শিল্প-সাহিত্যে কাউন্টার-রেনেসাঁস রূপে দেখা দেয় উত্তরাধুনিকতাবাদ (postmodernism)। দুটি মতবাদই ক্রমে ছড়িয়ে পড়ে পৃথিবীর সকল রাজধানীতে। আধুনিকতাবাদ ও উত্তরাধুনিকতাবাদকে বুঝতে হবে এসব নিয়ে আন্দোলনকারীদের দেওয়া অর্থ দিয়ে, শব্দগত অর্থ দিয়ে নয়। আধুনিকতাবাদীরা ও উত্তরাধুনিকতাবাদীরা রেনেসাঁসের বিরুদ্ধে কোনো ঘোষণা না দিয়ে কাজ করে চলেন রেনেসাঁসকে শেষ করে দেওয়ার জন্য। তাঁদের দৃষ্টিভঙ্গি নঞর্থক সদর্থক গঠনমূলক চিন্তা তাঁদের নেই। বিশ্বযুদ্ধ, মানবিক গুণাবলির অবক্ষয় এবং অশুভ শক্তির কর্তৃত্ব দেখে তাঁরা চরম ‘নৈরাশ্যবাদী’ ও ‘শূন্যবাদী’ হয়ে পড়েন, এবং নিজেদের প্রতিষ্ঠার প্রয়োজনে রেনেসাঁসের বিরুদ্ধে অবস্থান নেন। শ্রমিক-কৃষক-মধ্যবিত্তের মুক্তি দূরের কথা, ধনিক শ্রেণির গণতন্ত্রেও তাঁদের আস্থা নেই। আধুনিকতাবাদের মর্মে ছিল নৈরাশ্যবাদ ও বলাকৈবল্যবাদ; আর উত্তরাধুনিকতাবাদ নেতিবাদী, শূন্যবাদী, কলাকৈবল্যবাদী। গবেষণায় ও শিল্প-সাহিত্যে দুইপক্ষই বিষয়বস্তুকে (subjectmatter) গৌণ এবং রচনারীতি (style) ও গবেষণা-পদ্ধতিকে (research medology) মুখ্য মনে করেন। মানবজাতির উন্নত ভবিষ্যত সৃষ্টি নিয়ে আশাভঙ্গের কারণ হয়েছে শাসক-শ্রেণির নৈতিক পতনশীলতা, সাধারণ-মানুষের অসহায়ত্ব ও দুই বিশ্বযুদ্ধ। আর নৈরাশ্যবাদী ও শূন্যবাদী চিন্তার কারণ হয়েছে অন্যায়-অবিচারকে প্রতিকারহীন ভাবা ও উন্নত ভবিষ্যত সৃষ্টি নিয়ে আশাভঙ্গ। দুই বিশ্ব যুদ্ধের সময় থেকে মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে, সামাজিক সংহতি (intigration) দুর্বল হচ্ছে বেড়ে চলছে সামাজিক শিথিলতা বা বিযুক্তি (alienation)।
রেনেসাঁসে নানা প্রবণতা ছিল বটে, তবে দার্শনিক বৈজ্ঞানিকদের ও শিল্পী-সাহিত্যিকদের মধ্যে সৃষ্টির তাগিদ ও সর্বজনীন কল্যাণের চিন্তা ছিল সব কিছুর মর্মমূলে। আর তাঁদের ছিল সুদৃঢ় বৌদ্ধিক চরিত্র। রাজনীতিবিদদের মধ্যে তখন সদর্থক দৃষ্টিভঙ্গি ছিল। মাথাবেচা বুদ্ধিজীবীদের দিয়ে রেনেসাঁস হয় না। জ্ঞানীলোক ও বৌদ্ধিক-চরিত্রসম্পন্ন জ্ঞানীলোকে পার্থক্য আছে। বৌদ্ধিক চরিত্র ছাড়া শুধু জ্ঞান দিয়ে রেনেসাঁস হয় না। বাংলাদেশে এখন জ্ঞানীলোকের অভাব নেই; কিন্তু জ্ঞানের সঙ্গে আন্তরিক প্রেরণা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও বৌদ্ধিক চরিত্রবল ক্ষীয়মান বলে রেনেসাঁস নেই। আদর্শহীন, প্রগতিচেতনাহীন, প্রগতিশীল কর্মসূচি ও কার্যক্রমহীন, সুবিধাবাদী রাজনীতিবিদদের আচরণ রেনেসাঁসের ও গণজাগরণের সম্পূর্ণ পরিপন্থি। হুজুগ আর গণজাগরণ এক নয়। হুজুগ সৃষ্টি করে হীন-স্বার্থন্বেষীরা হীন উপায়ে নিজেদের স্বার্থ হাসিল করে নেওয়ার জন্য।
পুরাতন পরাজিত সব সংস্কার-বিশ্বাসের ও ধর্মের পুনরুজ্জীবন দেখে ১৯৮০-র দশকের মাঝামাঝি থেকেই অনেকে বলে আসছেন ইতিহাসের চাকা পেছন দিকে ঘুরছে। তেল, গ্যাস ও খনিজসম্পদ লুটে নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে চালানো হচ্ছে সামরিক আক্রমণ ও আগ্রাসী যুদ্ধ, এবং তার প্রতিক্রিয়ায় উত্থান ঘটেছে জঙ্গিবাদীদের (armed Islamic fundamentalists)। এর মধ্যে দুর্বল রাষ্ট্রগুলোতে চালানো হচ্ছে নিঃরাজনীতিকরণের কার্যক্রম।
বাংলাদেশকে গড়ে তুলতে হবে আমাদের, অর্থাৎ বাংলাদেশের জনগণের, স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে। তার জন্য যা-কিছু করা দরকার সবই আমাদের করতে হবে। বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা রূপে। একুশে ফেব্রুয়ারিকে উদযাপন করতে ‘রাষ্ট্রভাষা দিবস’ রূপে। রাষ্ট্রভাষা দিবস উদযাপনের মধ্য দিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মধ্যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার প্রতিষ্ঠার লক্ষ্যে নবচেতনা সৃষ্টি করতে হবে। ক্ষুদ্র জনগোষ্ঠী সমূহের কল্যাণে গ্রহণ করতে হবে পর্যাপ্ত কর্মসূচি ও কার্যক্রম। বাংলাদেশে নতুন রেনেসাঁসের দাবি এসবও।
ইতিহাসের পশ্চাৎগতি আর নৈরাশ্যবাদ ও শূন্যবাদের আবর্ত থেকে উদ্ধারলাভের জন্য দরকার নতুন রেনেসাঁস। সে-লক্ষ্যে দরকার নতুন চিন্তাভাবনা ও নতুন সংঘশক্তি। উন্নত-চরিত্রের রাজনৈতিক দল লাগবে। স্বতঃস্ফূর্তভাবে অবস্থার উন্নতি হবে না। আগেকার রেনেসাঁসের লক্ষ ছিল মধ্যযুগের সংস্কার-বিশ্বাস, ভ্রান্তি ও অন্ধকারকে পেছনে ফেলে উন্নত জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য সৃষ্টি করে, রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে উন্নত করে, সভ্যতার ধারায় এগিয়ে চলা। এখন নতুন রেনেসাঁসের লক্ষ হবে আধুনিক যুগের ক্ষতিকর সংস্কার-বিশ্বাস, ভ্রান্তি ও অন্ধকার অতিক্রম করে উন্নততর নতুন ভবিষ্যতের লক্ষ্যে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য সৃষ্টি করে, নতুন সভ্যতা সৃষ্টির ধারায় এগিয়ে চলা। তথ্যপ্রযুক্তি ও জীবপ্রযুক্তির বিপ্লব এবং রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ইত্যাদির অভিঘাতে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। চলমান প্রক্রিয়ায় মানুষ পরিণত হচ্ছে প্রযুক্তির দাসে। নতুন রেনেসাঁসের দাবি প্রযুক্তিকে মানুষের নিয়ন্ত্রণ ও পরিচালনায় রেখে সর্বজনীন কল্যাণ নৈতিক চেতনাকে জাগ্রত ও উন্নত করতে হবে। রাজনীতির মান উন্নত করতে হবে। রাজনৈতিক দল, রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে পুনর্গঠিত করতে হবে।
প্রকৃতির ন্যায় মাৎস্যন্যায়। বড় মাছ ছোট মাছকে ধরে খায়; বাঘ, সিংহ হরিণকে মেরে খায়; কোনো প্রতিকার নেই, ন্যায়-অন্যায়ের প্রশ্ন নেই। ন্যায়-অন্যায় সম্পূর্ণই মানবীয় ব্যাপার। মানুষের সমাজে প্রবল দুর্বলের উপর শোষণ, বঞ্চনা ও নির্যাতন চালায়। এখানে ন্যায়-অন্যায়ের প্রশ্ন আছে, প্রতিকারের উপায় আছে। ন্যায় প্রতিষ্ঠার জন্য ও অন্য্যায়কে প্রতিহত করার জন্য দুর্বল মানুষদের ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালাতে হয় নিজেদের উন্নত নেতৃত্ব ও সরকার প্রতিষ্ঠা করতে হয় মানবপ্রকৃতি এমন যে, কোনো জনসমষ্টি নৈতিক দিক দিয়ে একবার জয়ী হলে তা চিরকালের বিজয় হয় না। মানুষের সমাজে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম নিরন্তর চালিয়ে যেতে হয়। এক্ষেত্রে eternal vigilence-এর কোনো বিকল্প নেই ন্যায়কামীদের নিজেদের নেতৃত্ব সৃষ্টি করে, ঐক্যবদ্ধ হয়ে, জেনারেশনের পর জেনারেশন ধরে সাধনা ও সংগ্রাম করে এগিয়ে চলতে হবে। আজ বাংলাদেশে দরকার নতুন রেনেসাঁসের লক্ষ্য নির্ধারণ এবং পর্যায়ক্রমে প্রগতিশীল কর্মসূচি অবলম্বন করে এগিয়ে চলা। কেবল চিন্তা দিয়ে হবে না; কেবল কাজ দিয়েও হবে না; চিন্তা লাগবে, কাজও লাগবে।
ঢাকা, ডিসেম্বর ৮, ২০১৯